
খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী কে.জি.এইচ.এফ. মৌখালী ইউনাইটেড একাডেমীর পরিচালনা পর্ষদের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আসলাম পারভেজ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক মোঃ এনামুল কবীর স্বাক্ষরিত এক দাপ্তরিক প্রজ্ঞাপনে আগামী ছয় মাসের জন্য চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সাধারণ শিক্ষক সদস্য আহাদুজ্জামান সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য এস.এম. খানজাহান এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী গঠিত এই অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে বিধি মোতাবেক পূর্ণাঙ্গ ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সভাপতি মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ আসলাম পারভেজ বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক মানোন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ও সুনাম পুনরুদ্ধারে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
নতুন কমিটি অনুমোদনের খবরে স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সুধীসমাজের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সময়োপযোগী ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার মাধ্যমে মৌখালী ইউনাইটেড একাডেমী আবারও এলাকার একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজস্ব অবস্থানকে আরও শক্তিশালী করতে সক্ষম হবে।