
খুলনার পাইকগাছা কয়রা-বেতগ্রাম সড়কটি প্রশস্ত ও বাঁক সরলীকরণের জন্য ২০২০ সালের ডিসেম্বরে একটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের অধীনে ওই সড়কের ৩৪টি বাঁক সরলীকরণের কথা থাকলেও খুলনা জেলা প্রশাসনের গাফিলতিতে এখনও জমি অধিগ্রহণ হয়নি। এছাড়া ঠিকাদারের উদাসীনতায় কয়েকবার মেয়াদ বাড়ানোর পরও এ প্রকল্পের মাত্র ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। যথাসময়ে শেষ না করায় প্রকল্পের ৩৯ কোটি টাকা ফেরত যাচ্ছে। খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার বেতগ্রাম পর্যন্ত ৬৪ কিলোমিটারের এ সড়কটি শেষ হয়েছে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে। সড়কের কিছু অংশ সাতক্ষীরার তালা উপজেলার মধ্যে পড়েছে। খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন সড়কটি ‘যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য ২০২০ সালের ২৯ ডিসেম্বর অনুমতি পায় মোজাহার এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় ৩৩৯ কোটি ৫৮ লাখ টাকা। পরে তা বেড়ে ৩৭৯ কোটি ৪৮ লাখে এসে দাঁড়ায়। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়িয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত করা হয়। প্রকল্পের প্রতিটি প্যাকেজে নিম্নমানের কাজ হওয়ায় মেয়াদ শেষের আগে তা নষ্ট হতে বসেছে। আবার বাঁকও সরলীকরণ না হওয়ায় প্রকল্পের কোনো সুফল পাচ্ছে না চার উপজেলার কয়েক লাখ বাসিন্দা। কয়রা ও পাইকগাছা প্রকৌশলীকে উক্ত জানতে চাহিলে তারা সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত নন মর্মে জানান। উক্ত বিষয় খুলনা জেলা প্রশাসক এর সাথে যোগাযোগের চেষ্টা করলে ফোন ব্যস্ত থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।