
খুলনার পাইকগাছা উপজেলায় উন্নত ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) সেবা বিষয়ক অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
চ্যারিটি ওয়াটারের আর্থিক সহায়তা, হেলভেটাস বাংলাদেশ-এর কারিগরি ও আর্থিক সহযোগিতা এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ)-এর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য ও প্রকল্প উপস্থাপনা করেন ডরপের উপজেলা সমন্বয়কারী ও কমিটির সদস্য সচিব মো. শরিফুল আলম তুহিন। তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে ২০২৩-২০২৫ মেয়াদি প্রকল্পের অগ্রগতি এবং ২০২৬ সালের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
উপস্থাপনায় জানানো হয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ওয়াশ খাতে সৃষ্ট সম্ভাব্য সংকট মোকাবেলায় প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ পানির সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, বাজেট মনিটরিং কার্যক্রম জোরদারকরণ এবং কমিউনিটি অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে জনগণকে সচেতন ও সক্ষম করে তোলা হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহজাহান আলী খান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল এবং ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান।
এছাড়া ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, ইউপি সচিব, মা সংসদ, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব, যুব গ্রুপ ও স্বাস্থ্যগ্রাম দলের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনায় বক্তারা তৃণমূল পর্যায়ে ওয়াশ সেবার মানোন্নয়ন, বরাদ্দের সঠিক ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী ডরপের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি মনিটরিং কার্যক্রম আরও জোরদার, কার্যক্রম সম্প্রসারণ, সেবার গুণগত মান বৃদ্ধি এবং অধিক সংখ্যক মানুষকে ওয়াশ সেবার আওতায় আনার আহ্বান জানান।
সভা শেষে অংশগ্রহণকারীরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।