
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার নজরুল সরদার আর নেই। তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৭টার দিকে ক্যান্সার হাসপাতালে ইন্তেকাল করেন — (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল সরদার দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এবং চিকিৎসার জন্য রাজধানীর একটি ক্যান্সার হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুম নজরুল সরদার দীর্ঘ সময় ধরে চাঁদখালী ইউনিয়নের বাদুড়ি, গড়েরআবাদ, চৌমুনী ও কালুরআবাদ এলাকার জনপ্রতিনিধি হিসেবে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় চৌমুনী মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।