
খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় মঠবাটী গ্রামের মকলেছুর রহমান কাজল ও দিলীপ বিশ্বাসকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।
সমাবেশে সভাপতিত্ব করেন জাহিদুর রহমান। বক্তব্য রাখেন গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ ইকবাল, কেন্দ্রীয় মহানামযজ্ঞ কমিটির সম্পাদক সন্তোষ কুমার সরকার, হিলফুল ফুজুল সমবায় সমিতির সভাপতি ইউনুস আলী সরদার, আজিবর রহমান, হারুন অর রশীদ, লাচ্ছু পারভেজ, রাশেদুজ্জামান, হাবিবুর রহমান, ফরহাদ হোসেন, জুয়েল রানা, হাসানুর রহমান, লিটু, নাজমুল হাসান ও জয় মিস্ত্রি।
বক্তারা বলেন, “মকলেছুর রহমান কাজল ও দিলীপ বিশ্বাস এলাকার সম্মানিত ও শান্তিপ্রিয় ব্যক্তি। তাদের বিরুদ্ধে অপপ্রচার সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও ঘৃণ্য। আমরা এই ধরনের নোংরা রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ।”
উল্লেখ্য, গত ৭ জুলাই যৌথবাহিনীর একটি অভিযানে মঠবাটী গ্রামের নির্মল বিশ্বাসের বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় রসময় বিশ্বাস, তার ছেলে প্রীতম বিশ্বাস এবং নির্মল বিশ্বাসের ছেলে দেবব্রত বিশ্বাসকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
এই ঘটনার জেরে রসময় বিশ্বাসের পরিবার ২০ জুলাই এক মানববন্ধনের মাধ্যমে দাবি করে, তাদের ‘মিথ্যা মামলায় ফাঁসানো’ হয়েছে এবং সেইসঙ্গে মকলেছুর রহমান কাজল ও দিলীপ বিশ্বাসের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হয়।
তারই প্রেক্ষিতে ২২ জুলাই অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ জানান এবং নির্দোষ ব্যক্তিদের সম্মানহানির চেষ্টাকে ‘চরম অমানবিক’ বলে আখ্যায়িত করেন।