
ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাইকগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব বিদ্যুৎ রঞ্জন সাহা-কে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
পাইকগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ফজলে রাব্বী এ সম্মাননা সনদ প্রদান করেন এবং তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী বলেন, সরকারের রাজস্ব আয়ের অন্যতম প্রধান খাত হলো ভূমি উন্নয়ন কর। এই কর আদায় একটি সমন্বিত ও যৌথ কর্মপ্রয়াস, যেখানে ভূমি অফিস জমির তথ্য সংরক্ষণ, কর নির্ধারণ ও আদায় কার্যক্রম পরিচালনা করে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান থেকে আদায়কৃত ভূমি উন্নয়ন কর দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে।
চলতি অর্থবছরে পাইকগাছা উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আওতাধীন দপ্তরসমূহ থেকে দ্রুত ও সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হয়েছে, যার পেছনে উপজেলা শিক্ষা অফিসার জনাব বিদ্যুৎ রঞ্জন সাহার আন্তরিক সহযোগিতা, প্রশাসনিক দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী তাঁর এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।