
খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টা থেকে পৌরসভার ছয়টি মন্দিরের প্রতিমা উৎসবমুখর পরিবেশে শিববাটির আড়ৎ ঘাটে আনুষ্ঠানিকভাবে বিসর্জন দেওয়া হয়।
সরল কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
মৃতুঞ্জয় সরদার ও সন্তোষ কুমার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা কমিটির সদস্য তুষার কান্তি মণ্ডল, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডলসহ অনেকে।
বক্তারা বলেন, এবারের পূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি বিশ্বাস করে—বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান; সংখ্যালঘু বলে আলাদা কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়।
পূজার শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী, আনসার-ভিডিপি, বিএনপি-জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সার্বক্ষণিকভাবে বিভিন্ন পূজা মন্দিরের খোঁজখবর নিয়েছেন।
বিসর্জনে আসা ভক্তরা জানান, এর আগে এত আনন্দঘন পরিবেশে পূজা বিসর্জন হয়নি। সবাই নেচে-গেয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দিয়েছেন। শিববাটি পূজা মন্দিরে তরুণ কান্তি মণ্ডল, দীপক মণ্ডলসহ অনেকে অক্লান্ত পরিশ্রম করে বিসর্জন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।
পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, থানার ওসি রিয়াদ মাহমুদ, সেনা ক্যাম্প ইনচার্জ, সাংবাদিক, ইউনিয়ন ট্যাগ অফিসার, বিএনপি-জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মন্দির কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেলিম রেজা লাকি, এডভোকেট সাইফুদ্দিন সুমন, শেখ রুহুল কুদ্দুস, এস, এম তৈবুর রহমান, রুস্তম , ডালিমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ছয়টি মণ্ডপের সভাপতি-সম্পাদকসহ অসংখ্য সনাতন ভক্তবৃন্দ।