
সোলাদানা বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা- এসএম এনামুল হক
খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়-এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণের টানে আয়োজিত হল দ্বিতীয় পুনর্মিলনী। শুক্রবার সকাল থেকে রাত অবধি বর্ণাঢ্য আয়োজন আর আবেগঘন পরিবেশে মুখর ছিল পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় থেকে শুরু হয়ে সোলাদানার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও আলোচনা সভা। বক্তারা স্কুল জীবনের হাসি-কান্না, আনন্দ-বেদনার স্মৃতি রোমন্থন করে বলেন, এই বিদ্যালয় শুধু শিক্ষা নয়, চরিত্র গঠনের এক অনন্য প্রতিষ্ঠান ছিল তাদের জীবনে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক, অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা।
দুপুরে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশিত হয় প্রীতিভোজ এবং সন্ধ্যায় ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রাবণের অবিরাম বৃষ্টিকেও উপেক্ষা করে শত শত প্রাক্তন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।
অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক এসএম এনামুল হক বলেন, “দল-মত নির্বিশেষে এই পুনর্মিলনী এলাকার মানুষের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তুলবে। এই ঐক্য সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক বিপ্লব কান্তি মন্ডল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসরাফিল মোড়ল। সঞ্চালনায় ছিলেন কমিটির সদস্য সচিব বিপ্লব গোলদার।
উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, প্রধান শিক্ষক আমিনুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক জয়দেব রায়, বিএনপি নেতা আমিনুর সরদার, প্রভাষক জীবেশ রায়, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম, শিবপদ মন্ডল, ইউপি সদস্য শেখর ঢালী, প্রবীর গোলদার, ঠাকুর দাশ সরকার, কিশোর মন্ডল, ডাঃ আজমল হোসেন, রকি বিশ্বাস, ভূমিকা রায় ও কাকলী খাতুন।
নতুন প্রজন্ম ও প্রাক্তনদের বন্ধনে এ অনুষ্ঠান হয়ে উঠেছে আত্মার আত্মীয়দের মিলনমঞ্চ, আর স্মৃতির পাতায় লেখা রইলো এক অনন্য দিন।