
খুলনার পাইকগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে আজ এক অলৌকিক ঘটনার জন্ম হয়েছে। মৃত ভেবে হাসপাতালে নেওয়া ছোট্ট ফরহাদ হোসেন শেষ পর্যন্ত ফিরে এসেছে জীবনে।
জানা গেছে, ফরহাদ হোসেন (পিতা: মোঃ আব্দুর রহমান), বয়স আনুমানিক ১বছর ছয় মাস ,সকাল ১১:৩০ মিনিটের দিকে পারিবারিক পুকুরে পড়ে যায়। কিছু সময় পরেই স্থানীয়রা তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। অবস্থা দেখে অনেকে মনে করেন, ফরহাদ হয়তো আর বেঁচে নেই।
শিশুটির মা প্রিয়া খাতুন নিজেই দিশেহারা অবস্থায় ছেলেকে উদ্ধার করেন এবং সাথে সাথে এলাকাবাসীর সহায়তায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের পরিবেশ তখন কান্না ও আতঙ্কে আচ্ছন্ন। আত্মীয়স্বজনদের আহাজারিতে ভেঙে পড়েছিল পুরো পরিবেশ।
কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জয় কুমার জানান, “শিশুটির শারীরিক অবস্থা একেবারেই সংকটাপন্ন ছিল। তবে সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় এবং হাসপাতালের পুরো মেডিকেল টিমের অক্লান্ত চেষ্টায় ফরহাদ ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে।”
ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট সবার নিরলস প্রচেষ্টায় বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত। তার অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
শিশুটির দাদা আব্দুল লুৎফর গাজী বলেন, “আমরা সবাই ভেবেছিলাম, তাকে হারালাম… কিন্তু আল্লাহর রহমতে সে আবার ফিরে এসেছে। এই ঘটনার জন্য সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা।”
এই ঘটনা আবারো প্রমাণ করল—
👉 “আল্লাহ যাকে রাখেন, তাকে মারার কেউ নেই।”