
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবন সংলগ্ন খুলনা জেলার পাইকগাছা উপজেলায় বিদ্যুৎ সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছেন পাইকগাছা জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের বর্তমান ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) অঞ্জন কুমার সরকার।
তিনি গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখে পাইকগাছা জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে যোগদান করেন। যোগদানের সময় অফিসটির সার্বিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক। প্রায় ৮০ হাজার গ্রাহক নিয়ে পরিচালিত এই জোনাল অফিসে দীর্ঘদিনের নানা সমস্যা, বকেয়া বিল এবং সিস্টেম লস ছিল বড় চ্যালেঞ্জ।
দায়িত্ব গ্রহণের পর অঞ্জন কুমার সরকার তাঁর মেধা, দক্ষতা, পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটান। তিনি জানান, দীর্ঘদিনের বকেয়া বিল থেকে ইতোমধ্যে প্রায় ৭০ লাখ টাকা আদায় করা হয়েছে।
এছাড়াও, অফিসটির সিস্টেম লস (Year to Date) ১২.৬৮ শতাংশ থেকে কমে ১০.০৫ শতাংশে নেমে এসেছে। এতে সমিতির প্রায় ২ কোটি টাকার মতো আর্থিক লাভ হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, প্রতি ইউনিট বিদ্যুৎ ক্রয়মূল্য ছিল ৭ টাকা ৯৬ পয়সা, যা ৮ টাকা ১১ পয়সা দরে বিক্রি করে প্রায় ৫০ লাখ টাকা লাভ হয়েছে।
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন জোনাল অফিসের মধ্যে বর্তমানে পাইকগাছা জোনাল অফিস লাভজনক প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে এখনও কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৩৩ কেভি সোর্স লাইনের শতভাগ উন্নয়ন না হওয়ায় দীর্ঘ দূরত্বের কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে।
তিনি জানান, এ সমস্যা সমাধানে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এবং পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
পাইকগাছায় একটি গ্রিড সাবস্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে পাইকগাছা ও কয়রা উপজেলা এলাকার দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে নতুন করে প্রায় ৮ কোটি টাকার বকেয়া বিল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বকেয়া আদায় কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী ৩০ জুনের মধ্যে অধিকাংশ বকেয়া আদায় সম্ভব হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত জ্বালানি সংকটের মধ্যেও প্রতিষ্ঠানটিকে লাভজনক পর্যায়ে আনতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, "যদি আরও কিছুদিন পাইকগাছায় দায়িত্ব পালন করতে পারি, তাহলে পাইকগাছা-কয়রাবাসীর বিদ্যুৎ দুর্ভোগ অনেকটাই কমিয়ে আনতে পারবো। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।"
ব্যক্তিগত পরিচিতি: অঞ্জন কুমার সরকারের প্রথম কর্মস্থল ছিল মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি। সর্বশেষ তিনি টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সরাসরি পাইকগাছায় যোগদান করেন।
তিনি ময়মনসিংহ জেলার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মৃত পরমেশ চন্দ্র সরকার।
পারিবারিকভাবে তিনি পাঁচ ভাই ও চার বোনের মধ্যে মধ্যম। তাঁর মেয়ে অর্পিতা সরকার স্নিগ্ধা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET) থেকে উচ্চশিক্ষার পর বর্তমানে কানাডায় উচ্চতর ডিগ্রি অর্জনে অধ্যয়নরত। তাঁর ছেলে যুক্তরাষ্ট্রের University of Colorado-এ স্কলারশিপ নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন।
তিনি জানান, তাঁর পরিবারে মোট ১২ জন প্রকৌশলী রয়েছেন।
সবশেষে তিনি পাইকগাছা ও কয়রাবাসীর সহযোগিতা এবং পরিবারের জন্য দোয়া কামনা করেন।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)