আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে (শুভ বড়দিন) উপলক্ষে পাইকগাছায় প্রাক্ বড়দিন উদযাপন ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় কপিলমুনি কাশিমনগর গ্রেস চার্চ প্রাঙ্গণে এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুকুমারের সভাপতিত্বে ও তৃপ্তি সেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ওয়াসিউজ্জামান চৌধুরী শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “বড়দিন ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ—এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এই মানবিক চেতনাকে ধারণ করে সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি শুভ বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বড়দিন উদযাপনের সময় এমন কোনো কাজ করা যাবে না, যাতে মানুষের বা অন্য কোনো প্রাণীর ক্ষতি হয়। বিশেষ করে বাজি ফোটানোর ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে, যেন কোনো দুর্ঘটনা না ঘটে এবং নির্বাক প্রাণীরা ক্ষতিগ্রস্ত না হয়।” তিনি সবাইকে বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানান।
এসময় আরও বক্তব্য রাখেন পালক পিটার সরকার, পালক আইজ্যাক বিশ্বাস, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ডেভিড সুকুমার মন্ডল, সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন দাস, রিপন সরকারসহ খ্রিস্টান সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পাইকগাছা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন চার্চের বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে প্রাক্ বড়দিনের এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)