পাইকগাছায় রাস্তায় জন্ম নিল ফুটফুটে এক কন্যাশিশু—মায়ের পরিচয় নেই, ঠিকানা নেই। মানসিক ভারসাম্যহীন এক নারীর গর্ভে বেড়ে ওঠা এ শিশুটির আগমন সমাজের উদাসীনতাকে প্রশ্নবিদ্ধ করলেও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে পাইকগাছা মেইন রোডের হিরো শোরুমের বিপরীত পাশের রাস্তায় সন্তান প্রসব করেন ওই নারী। ডাক্তার বা ধাত্রীর সহযোগিতা ছাড়াই তিনি ২.১ কেজি ওজনের একটি কন্যা সন্তান প্রসব করেন। পরে স্থানীয়দের সহায়তায় মা ও শিশুকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালের তত্ত্বাবধানে সুস্থ ও নিরাপদে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ওই নারীকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তিনি কারও সঙ্গে কথা বলতেন না, নিজের নাম-পরিচয়ও বলতে পারতেন না। বিভিন্ন দোকান থেকে খাবার চেয়ে খেতেন। প্রসববেদনায় কাতর অবস্থায় রাস্তার পাশে বসে নিজেই সন্তান প্রসব করেন তিনি। বিষয়টি দেখে দোকানদার ও পথচারীরা এগিয়ে আসেন এবং দ্রুত হাসপাতাল নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রেহানা পারভীন জানান, “এই পাগলি মহিলাকে আমরা অনেক দিন ধরেই দেখতে পাচ্ছিলাম। সে পেটে বাচ্চা নিয়ে ঘুরত, মানুষ যা দিত তাই খেত। আজ রাস্তায় ওভাবে সন্তান প্রসব করলো দেখে আমরা সবাই হতবাক।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, “সকালে একজন মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসবের পর হাসপাতালে আনা হলে আমরা দ্রুত চিকিৎসা দেই। আমি নিজেও গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। মা ও নবজাতক উভয়েই সুস্থ আছে।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, “ঘটনাটি জানার পর আমি হাসপাতালে গিয়েছি। ইউএনও স্যারের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে যা করা সম্ভব তা দ্রুত করা হবে।”
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন বলেন, “তার পরিচয় জানার চেষ্টা চলছে। যদি তা সম্ভব না হয়, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী মা ও শিশুর দায়িত্ব নেওয়ার জন্য সমাজসেবা অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
এই ঘটনা সমাজের দায়িত্বশীলতাকে স্মরণ করিয়ে দিলেও, মানবতার একটি আশাব্যঞ্জক দিকও প্রকাশ করেছে—যেখানে অচেনা একজন মা এবং তার সদ্যোজাত শিশুর জন্য এগিয়ে এসেছে একটি পুরো জনপদ।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)